অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশী বংশোদ্ভূত এলিজা

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে জায়গা করে নিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। নিউ সাউথ ওয়েলসের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় প্রথম বাংলাদেশী নারী হিসেবে ডেপুটি মেয়রের দায়িত্ব পেলেন এলিজা আজাদ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ক্যামডেন সিটি কাউন্সিলের সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে তাকে ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর এলিজা আজাদ বলেন, দলীয় সমর্থনের পাশাপাশি কাউন্সিলরদের সরাসরি ভোটে এই দায়িত্ব পাওয়া তার জন্য গুরুত্বপূর্ণ। এর ফলে স্থানীয় বাসিন্দাদের প্রতি তার দায়বদ্ধতা এবং কাজের পরিধি আরও বেড়ে গেল।

২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন এলিজা আজাদ। সেই ধারাবাহিকতায় এবার কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পেলেন তিনি।

এলিজা আজাদ ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় সিডনির বাংলাদেশী কমিউনিটিতেও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

সিডনির ডেনহ্যাম কোর্টের বাসিন্দা বোরহান খান লিমন বলেন, এলিজা দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করে আসছেন। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই দায়িত্বে তার অবস্থান প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরার পাশাপাশি সামগ্রিক উন্নয়নেও ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

এর আগে বাংলাদেশী সুমন সাহা সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল এবং মাসুদ খলিল ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আরেক বাংলাদেশী মাসুদ চৌধুরী ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্বে রয়েছেন।

এলিজা আজাদের পৈতৃক বাড়ি চুয়াডাঙ্গার দর্শনায়। তিনি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আজাদুল ইসলামের মেয়ে। দুই দশকেরও বেশি সময় আগে শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এলিজা। পরবর্তী সময়ে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন তিনি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন