কলকাতায় প্রথম সারির আরও ২৫টি সহ মোট ৬৫ রেস্টুরেন্টের ফুড লাইসেন্স স্থগিত

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

খাবারের গুণমান এবং রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অভিযানে নেমে কলকাতায় আরও প্রথম সারির ২৫টি রেস্টুরেন্টের ফুড লাইসেন্স বুধবার (৯ সেপ্টম্বর) সাসপেণ্ড করল কলকাতা কর্পোরেশন। এ নিয়ে মোট ৬৫টি রেস্টুরেন্টের ফুড লাইসেন্স সাসপেণ্ড করা হল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ৪০টি রেস্টুরেন্টেের বিরুদ্ধে একই পদক্ষেপ হয়েছিল। ফলে দু’দিনে শহরে ফুড লাইসেন্স বাতিলের তালিকায় থাকা হোটেল, রেস্তরাঁ ও মিষ্টির দোকানের সংখ্যা বেড়ে হল ৬৫।

কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য দফতরের ফুড সেফটি (Food Safety) বিভাগ সূত্রে খবর, নতুন তালিকায় রয়েছে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের ‘চাং ওয়া’, বেন্টিঙ্ক স্ট্রিটের ‘নিউ আলিয়া’ ও ‘আলিশান’-এর মতো পরিচিত প্রতিষ্ঠান। পরিদর্শনে কোথাও খাবার সঠিক ভাবে মজুত না করার অভিযোগ উঠেছে, কোথাও রান্নাঘরের পরিবেশ নিয়ে আপত্তি রয়েছে। খাদ্য সুরক্ষা বিধি মেনে প্রয়োজনীয় সংশোধন না হওয়া পর্যন্ত লাইসেন্সের উপর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এর আগে যেগুলি বন্ধ করা হয়েছে সেগুলি হল আমিনা, নিজাম, আসসালান, সিমলা বিরিয়ানি। এই নামকরা জনপ্রিয় রেস্টুুরেন্টগুলি এখন বন্ধ।

পুরসভা অবশ্য জানিয়েছে, এই পদক্ষেপ স্থায়ী ভাবে ব্যবসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নয়। যে কারণে লাইসেন্স বাতিল করা হয়েছে, সেই ত্রুটি সংশোধন করার সুযোগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে দেওয়া হচ্ছে। এরপর খাদ্য সুরক্ষা আধিকারিকেরা ফের পরিদর্শন করবেন। সব কিছু নিয়মমাফিক থাকলে লাইসেন্স পুনর্নবীকরণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন