অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায় গ্রেপ্তার, এবার কি অভিষেকের পালা?

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক কে(পিএ) গ্রেপ্তার করল সিআইডি। বৃহস্পতিবার (১০ আগস্ট) অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। সুমিতকে এদিন রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনের এদিন এনে সিআইডি অফিসাররা কয়েক ঘণ্টা জেরা করেন। বৃহস্পতিবারই সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে তার রক্ষাকবচ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালতের রায় প্রকাশ্যে আসার পরেই অভিষেকের বাড়িতে পৌঁছে যায় সিআইডি। সঙ্গে ছিল বিশাল পুলিশবাহিনী। অভিষেক অবশ্য এখন চিকিৎসার কারণে বিদেশে রয়েছেন।

সিআইডি আধিকারিকেরা কালীঘাটের বাড়িতে যেতেই সেখানে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। কিছুক্ষণের বাগ্‌বিতণ্ডার পর গেট খুলে ভিতরে ঢোকেন সিআইডি আধিকারিকেরা। গেট খুলতেই দেখা যায় সুমিতকে। তার পরনে ছিল সাদা ফুলশার্ট, কালো ট্রাউজ়ার্স। সঙ্গে সঙ্গে অভিষেকের আপ্তসহায়ক কে ঘিরে ফেলে পুলিশ। তারপর তাকে গ্রেপ্তার করে গাড়িতে তোলা হয়। শালবনির জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হল তাকে। সিআইডি সূত্রে খবর, শুক্রবার মেদিনীপুর আদালতে হাজির করানো হবে সুমিতকে। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাতে পারে সিআইডি।

সুমিতের গ্রেপ্তারি প্রসঙ্গে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “প্রসিদ্ধ তোলাবাজ সুমিত রায় গ্রেপ্তার হয়েছেন। সুপ্রিম কোর্টে রক্ষাকবচ বাতিল হওয়ায় কালীঘাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। ১২১, কালীঘাট রোড থেকে তাকে রাজ্য পুলিশের সিআইডি গ্রেপ্তার করেছে।”

শালবনিতে জমি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুমিত। ওই মামলায় তার আগাম জামিনের আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছিল। তার পরে সুপ্রিম কোর্টে যান সুমিত। বুধবারের পর বৃহস্পতিবার মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। শীর্ষ আদালত বৃহস্পতিবার সুমিতের রক্ষাকবচ বাতিল করে দেয়। ফলে সুমিতকে গ্রেপ্তার করার ক্ষেত্রে আর কোনও আইনগত বাধা ছিল না। প্রধানবিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, সুমিতকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তদন্তে সঠিকভাবে সাহায্য করেননি।

সুমিতের বিরুদ্ধে আদালতে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছিল রাজ্য। বুধবারের শুনানিতে রাজ্যের তরফে বলা হয়, জুনে সুমিতের অ্যাকাউন্টে প্রায় ৭১ লাখ টাকা জমা পড়েছে। মোট প্রায় ১৫ কোটি টাকা জমা হয়েছে অভিষেকের আপ্তসহায়কের অ্যাকাউন্টে। এই টাকার উৎস কী, তা নিয়ে সন্দেহপ্রকাশ করেন তদন্তকারীরা। তদন্তে অসহযোগিতার অভিযোগের প্রেক্ষিতে সুমিতকে জিজ্ঞাসাবাদের লিখিত রেকর্ড দেখতে চেয়েছিল রাজ্য। বুধবার আদালতে তা জমা করে রাজ্য। অন্যদিকে সুমিতের হয়েও এই সংক্রান্ত একটি লিখিত নথি আদালতে জমা করেন তার আইনজীবী। উভয় পক্ষের জমা দেওয়া নথি বা রেকর্ড খতিয়ে দেখার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, “আমরা সময় এবং সুযোগ দিয়েছিলাম। কিন্তু সুমিত তদন্তে সহযোগিতা করেননি।”

সুমিতের গ্রেপ্তারের পর প্রশ্ন উঠেছে তাহলে কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে চলেছেন? ইতোমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে রয়েছেন চোখের চিকিৎসার কারণে তিনি কি ফিরলেই গ্রেপ্তার হবেন? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন! অবশ্য সেদিকেই তাকিয়ে রয়েছে বঙ্গবাসী।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন