বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। আজ বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে এই সূর্যগ্রহণ হবে। এতে দুই মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত সূর্যের আলো সম্পূর্ণ ঢাকা পড়ে যাবে। সবশেষ এমন ঘটনা ঘটেছিল ২০২৪ সালের এপ্রিলে। দুই বছর পর আবারো পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য দেখতে যাচ্ছে পৃথিবীবাসী।
১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। এ সময় স্পেনের বেশির ভাগ অংশসহ প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ এবার পূর্ণগ্রাসের নিখুঁত পথ বা ‘পাথ অব টোটালিটি’র আওতায় থাকবেন।
এই সূর্যগ্রহণের আংশিক রূপটি পশ্চিম ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশ এবং যুক্তরাষ্ট্রের একটি ছোট অংশেও দেখা যাবে। ইউরোপের মূল ভূখণ্ডের মানুষ সূর্যগ্রহণটি ভালোভাবে দেখতে পারবে। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া,পর্তুগালসহ উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশেও দেখা যাবে দৃশ্যটি। বিশ্বব্যাপী প্রায় ৯৮ কোটি মানুষ এই সূর্যগ্রহণ আংশিকভাবে হলেও দেখতে পারবে।
বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর কারণেই এমন পূর্ণগ্রাস গ্রহণ সম্ভব হয়। প্রতি বছর পৃথিবীতে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ (আংশিক, বলয়গ্রাস, পূর্ণগ্রাস বা হাইব্রিড) দেখা গেলেও পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বেশ বিরল এবং শতাব্দীতে গড়ে ৬৬ বার বা দেড় বছরে একবার ঘটে থাকে।
বুধবারের এই পূর্ণ সূর্যগ্রহণে স্পেন, আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালের কিছু অংশের প্রায় দেড় কোটি মানুষ এমন স্থানে থাকবে, যেখানে সূর্য সম্পূর্ণ ঢাকা পড়বে। বিশেষ করে উত্তর ও পূর্ব স্পেনের লিওন, ভায়াদোলিদ, জারাগোজা, তেরুয়েল এবং ভ্যালেন্সিয়ার মতো শহরগুলো পূর্ণগ্রাসের সরাসরি পথেই অবস্থিত।
খুলনা গেজেট/এনএম

