তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর নরেন্দ্র মোদির কাছে ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকা-দিল্লি সম্পর্কের চলমান টানাপোড়েনের মধ্যে এ বৈঠককে দুই দেশের সম্পর্কের পরবর্তী গতিপথ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গত সোমবার (১০ আগস্ট) প্রায় আধা ঘণ্টাব্যাপী এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ভারতীয় হাইকমিশনার। সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ওই বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন করে এগিয়ে নিতে প্রয়োজনীয় ‘অনুকূল পরিবেশ’ তৈরির ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনার পাশাপাশি ঢাকার পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ প্রত্যর্পণ (Extradition) ইস্যুও জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়ার তাগিদ দিয়েছে ঢাকা। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের দ্রুত হস্তান্তরের অনুরোধও জানানো হয়।

নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকে ঢাকার এই স্পষ্ট বার্তাগুলোই প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি, দুই গুরুত্বপূর্ণ প্রত্যর্পণ ইস্যু, সীমান্ত হত্যা এবং পুশইনের মতো অমীমাংসিত বিষয়গুলোতে নয়াদিল্লি কী পদক্ষেপ নেয়—এখন সেদিকেই নজর রাখছে ঢাকা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন