হিমাচলপ্রদেশে বর্ষার তাণ্ডবে পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিয়েছে। টানা বৃষ্টিপাত, ধস এবং হড়পা বানের কারণে রাজ্যের ২৫৯টি রাস্তা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে। এ ছাড়া বৃষ্টি-সংক্রান্ত নানা দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত ১৫৭ জনের প্রাণহানি ঘটেছে। ‘স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার’-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, রাজ্যজুড়ে বিপুল পরিকাঠামো ও সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, যার আনুমানিক পরিমাণ প্রায় ৮৮৬ কোটি টাকা।
গত ৩০ জুন থেকে ৯ আগস্ট পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ধস ও হড়পা বানে ৬৮ জন এবং সড়ক দুর্ঘটনায় ৮৯ জনের মৃত্যু হয়েছে। এখনো প্রায় ২৫৭ জন নিখোঁজ রয়েছেন। তার ওপর আবহাওয়া দফতর (IMD) রাজ্যের ৫টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করায় দুশ্চিন্তা আরও বেড়েছে।
টানা বর্ষণের ফলে রাজ্যজুড়ে বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে কুল্লু ও মান্ডি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রায় ১৬১টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার (DTR) অচল হয়ে রয়েছে। এর মধ্যে মান্ডিতে ৭৭টি, শিমলায় ৪৩টি এবং কুল্লুতে ৪০টি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে আছে।
পাহাড় থেকে বিশালাকার পাথর ও ধ্বংসাবশেষ নেমে আসায় পাহাড়ি নদী ও নালাগুলোর জলস্তর আচমকা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক চিত্রে দেখা গেছে, পাহাড়ি ঢল ও হড়পা বানের তোড়ে গাড়ি এবং বেশ কিছু অস্থায়ী সেতু ভেসে যাচ্ছে।
খুলনা গেজেট/এএজে

