বুধবার । ১লা জুলাই, ২০২৬ । ১৭ই আষাঢ়, ১৪৩৩
স্মৃতিতে চব্বিশের গণঅভ্যুত্থান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আত্মপ্রকাশ

কাজী মোতাহার রহমান

দিনটি ১ জুলাই ২০২৪। কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী কথা বেশ তাৎপর্যপূর্ণ। সরকারী চাকুরীতে অসামঞ্জস্যপূর্ণ অগ্রাধিকারসহ কথিত দুর্নীতির মাধ্যমে দেশের মানুষের মধ্যে আয়-ব্যয়ের বিপুল ব্যবধান তৈরি করা হয়। আন্দোলন শুরু হলেও এক পর্যায়ে নির্মমভাবে আন্দোলন দমনের প্রতিক্রিয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তা বৈষম্য বিরোধী আন্দোলনে পরিণত হয়। ফলশ্রুতিতে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের সাড়ে ১৫ বছরের স্বৈরশাসনের অবসানের মধ্য দিয়ে আন্দোলন সফলতার মুখ দেখে।

ছাত্র-শ্রমিক-জনতার এ আন্দোলনে দেশে ও বিদেশে আরও মানুষকে সম্পৃক্ত করার জন্য আন্দোলনরত শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগায়। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়, আবাসিক হল ও বিভাগ ভিত্তিক নেটওয়ার্ক তৈরি মাধ্যমে ছাত্ররা সংগঠিত হয়। বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজেরাই কোটা বিরোধী পোষ্টার, প্লাকার্ড ও ব্যানার নিয়ে আন্দোলন বেগবান করে। এ আন্দোলন তরান্বিত করতে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে ক্ষুদ্র তহবিল গড়ে তোলে। সারা দেশে আন্দোলনকে সংগঠিত করতে ৬৫ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়। ঢাকার বাইরে ২৩ জন সমন্বয়ক আন্দোলনের নেতৃত্ব দেন। ৩ আগস্ট তা বর্ধিত করে ১৫৮ সদস্যের করা হয় (প্রথম আলো, ৭ নভেম্বর ২০২৪)

জুলাইয়ের প্রথম দিনটিতে খুলনার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। গুড়ি গুড়ি বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দেয় উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যমাঞ্চল, উত্তরাঞ্চল এবং দেশের মধ্যমাঞ্চলের কতিপয় স্থানে অল্প থেকে মধ্য মেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে। অন্য দিকে দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকায় কতিপয় স্থানে স্বল্প মেয়াদী আকর্ষিক বন্যার সৃষ্টি হতে পারে। এ মাসে ২টি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৮ ডিগ্রী সেলসিয়াস তাপ প্রবাহ বয়ে যেতে পারে। বিবিসি’র খবরে বলা হয় ক্যারিবিয়ান দ্বীপে বাসিন্দারা নিরাপদে আশ্রয় নিয়েছে। সেন্ট লুসিয়া, বার্বাডোস, গ্রেনাডা এবং সেন্ট ভিনসেন্ট, গ্রেনাডাইন ও টোবাগোতে শক্তিশালী ঘুর্ণিঝড় ‘বেরিল’ বয়ে যেতে পারে। এ আবহাওয়া বার্তায় বিশ্ববাসী আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে। ক্যারিবীয় অঞ্চলের কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়। আবহাওয়া বার্তায় বলা হয় চলতি বছরের মধ্যে এটি হবে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন।

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ১ জুলাই সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি পালন করে। সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভূক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে শিক্ষক সমিতির এ কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনের ক্লাশ, অনলাইন, সান্ধ্যকালীন ক্লাশ, শুক্র ও শনিবার প্রফেশনাল কোর্সেও ক্লাশ মিডটার্ম, ফাইনাল ও ভর্তি পরীক্ষা বন্ধ থাকবে। শিক্ষক সমিতির সভায় উল্লেখ করা হয় দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মসূচি পালিত হবে। একই দাবিতে ৩০ জুন সকল ডিসিপ্লিনের শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করে। কর্মবিরতি চলাকালে বেলা ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত শিক্ষকরা অবস্থান কর্মসুচিতে অংশ নেয়। কর্মসূচির অংশ হিসেবে খুবি’র শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ৩০ জুন কুয়েট প্রশাসনিক ভবনের সামনে অনুরূপ এক অবস্থান কর্মসূচি পালন করে। এ উপলক্ষ্যে সমাবেশে সভাপতিত্ব করেন কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব।

২ জুলাই। সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে ২ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির দ্বিতীয় দিন অতিবাহিত হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুবি’র শিক্ষক সমিতির আয়োজনে এ কর্মবিরতি অব্যাহত রাখে।

এদিকে সর্বাত্মক কর্মবিরতি চলাকালে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেন। খুবি’র শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ সভাপতিত্ব করেন। সহ-সভাপতি প্রফেসর ড. তরুণ কান্তি বোস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী অনুষ্ঠান উপস্থাপনা করেন। কর্মবিরতি চলাকালে খুবি’র অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে ৯ টা ৩০ মিনিটে অদম্য বাংলা চত্বরে অবস্থান কর্মসূচি পালিত হয়।

একই দিনে বিএনপির খুলনা নগর ও জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সমাবেশে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ও জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও পুনর্বাসন বিষয়ক নেওয়াজ হালিমা আরলি (দৈনিক জন্মভূমি, ২ জুলাই ২০২৪)।

সভায় বক্তারা দ্বাদশ সংসদ বাতিল, বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও তত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন (খুলনায় গণঅভ্যুত্থান ও খুলনা গেজেট)।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন