সাতক্ষীরায় দোকান খোলা রাখার দাবিতে বস্ত্র ব্যবসায়ী কর্মচারী শ্রমিকদের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি

পূর্ব ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে সাতক্ষীরায় দোকান খোলা রাখা, শ্রমিকদের বেতন-বোনাস ঠিকমত পরিশোধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বস্ত্র ব্যবসায়ী কর্মচারী শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের সড়কে তারা এই মানববন্ধন করে।

এর আগে দোকান খোলা রাখার দাবিতে সাতক্ষীরা বস্ত্র ব্যবসায়ী কর্মচারী শ্রমিকরা শহরের বড়বাজার সংলগ্ন ফাল্গুনি বস্ত্রালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। এসময় কর্মচারী শ্রমিকরা ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, দ্বিতীয় দফা লকডাউন মানিনা, মানবো না’ বলে শ্লোগান দিতে থাকে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা বস্ত্র ব্যবসায়ী কর্মচারী সমিতির সভাপতি কবির হোসেন, মোহিনী বস্ত্রালয়ের কর্মচারী সুজন, মেহেদী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গতবারের লকডাউনে দোকান বন্ধ থাকায় বেতন না পাওয়ায় আমাদের মানবেতর জীবন কাটাতে হয়েছে। সরকারিভাবে বা কোন সংগঠনের পক্ষ থেকে কোন প্রকার সাহায্য সহযোগিতা আমরা পায়নি। ফের এভাবে লকডাউনে দোকান বন্ধ থাকলে বেতন না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে তাদের আবারও মানবেতর জীবন যাপন করতে হবে। এ সময় সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্বাস্থবিধি মেনে তারা যাতে ব্যবসা করার অনুমতি পান সে জন্য সরকারের কাছে জোর দাবি জানান ।

এদিকে আইন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে শহরের ফাল্গুনি বস্ত্রালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় শ্রমিকদের বাঁধার মুখে পড়েন সাতক্ষীরা সদর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান। পরে সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সদর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানান, বস্ত্র ব্যবসায়ী কর্মচারী শ্রমিকরা তাদের কিছু দাবির কথা তাকে জানালে তাদের ব্যবসায়ী সংগঠনের পক্ষে জেলা প্রশাসকের কাছে লিখিত ভাবে বিষয়টি জানানোর কথা বলা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন