বাঘারপাড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে যুবতী নিহত

যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় বাসের ধাক্কায় সুমাইয়া পারভীন নিপা (২৫) নামে এক যুবতী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে যশোর-নড়াইল সড়কের চাড়াভিটা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নিপা খাতুন উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মকছেদ গাজীর স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, এদিন বিকেলে মেয়েকে নিয়ে নিপা তার ননদের জামাইয়ের মোটরসাইকেলে চড়ে চাড়াভিটার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চাড়াভিটা মোড়ে নড়াইল সড়কে উঠলে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে নিপা বাসের চাকার নীচে চলে যান। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নিপা। স্থানীয়রা যশোর থেকে আসা ঘাতক বাসটি (যশোর-জ-১১-০১৮) আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় নিপার মেয়ে ও মোটরসাইকেল চালক অক্ষত রয়েছেন।

এ ব্যাপারে বাঘারপাড়া থানার এসআই আলতাফ হোসেন জানান, ঘটনার পরই উত্তেজিত জনতা প্রায় আধাঘন্টা যশোর-নড়াইল সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

খুলনা গেজেট/এমএইচবি

 

 

 

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন