যশোরে মানবপাচার মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড

যশোর প্রতিনিধি

যশোরে মানবপাচার মামলায় এক নারীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পলাতক আসামি ফরিদা বেগম শহরের বেজপাড়ার মিনুর বাড়ির ভাড়াটিয়া ও রেজাউল ইসলামের স্ত্রী।

এছাড়া এ মামলায় অপর তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। তারা হলেন, সাজাপ্রাপ্ত আসামির স্বামী ও মৃত আইনুদ্দিনের ছেলে রেজাউল ইসলাম, শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আসলাম শেখের স্ত্রী নিলুফা ওরফে মিনুকা ও বেনাপোল ভবেরবেড় গ্রামের এরশাদ আলী মোড়লের ছেলে আফেল উদ্দিন ওরফে আফে। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক টি এম মুসা এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৩ জুন যশোর সদর উপজেলার খরিচাডাঙ্গা গ্রামের রাবেয়া খাতুন নামে এক গৃহবধূকে ঢাকায় গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতের বোম্বের পুনে শহরে নিয়ে বিক্রি করে দেয়। এরপর রাবেয়ার সাথে কথা বলতে চাইলে ১০ হাজার টাকা দাবি করা হয়। পরে ঘটনা জানতে পেরে রাবেয়ার ভাই আহাদ আলী কোতোয়ালি থানায় ওই চারজনের নামে মামলা করেন। মামলার তদন্ত শেষে কোতোয়ালি থানার এসআই তাছলিমা ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন