ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলমানরা : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সে চলমান শিক্ষার্থী বিক্ষোভকে গণঅভিবাসনের প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুসলমানরা ফ্রান্স দখল করে নেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার ফ্রান্সজুড়ে বিক্ষোভে প্রায় দুই লাখ ৬৬ হাজার মানুষ অংশ নেন। এর মধ্যে শুধু প্যারিসেই ছিলেন প্রায় ৫৬ হাজার। শিক্ষার্থীরা শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোসহ বিভিন্ন দাবিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে স্কুল অবরোধ ও ক্লাস বর্জন করে আসছেন।

প্যারিসে বিক্ষোভের একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভ শুরুর পর এ পর্যন্ত ছয় হাজার ৫০০ জনের বেশি গ্রেপ্তার হয়েছে, যাদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক।

কিশোরদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস, লাঠি ও অন্যান্য দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জাম ব্যবহারের ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সোমবার পুলিশের স্টান গ্রেনেডের ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরের হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করেছে।

প্রায় সব ক্ষেত্রেই পুলিশের প্রতিক্রিয়া ছিল পরিস্থিতি অনুযায়ী যথাযথ এবং বিক্ষোভ সহিংস রূপ নিলেই কেবল পুলিশ হস্তক্ষেপ করেছে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু শিক্ষার্থীদের দাবি শুনে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং স্কুলের আশপাশে সহিংসতার নিন্দা করেছেন।

এদিকে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিক্ষোভটি ফ্রান্সের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। শিক্ষা খাতে অর্থসংকটের পাশাপাশি মূল্যবৃদ্ধি, দারিদ্র্য ও আয়বৈষম্য নিয়েও দেশটিতে অসন্তোষ বাড়ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন