উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ওয়েলসকে ১-০ গোলে হারিয়েছিল পর্তুগাল। ওই ম্যাচে খেললেও একের পর এক সুযোগ নষ্ট করেছেন দলটির সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর নরওয়ের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে তাকে নামাননি কোচ জর্জ জেসুস। যা নিয়ে কিছুটা কানাঘুষা চলছিল। এরই মাঝে পরবর্তী ম্যাচের আগে অনুশীলন না করেই হোটেলে ফিরে গেলেন সিআরসেভেন।
২০২২ ফিফা বিশ্বকাপে পর্তুগালের তৎকালীন কোচ ফার্নান্দো সান্তোস সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে রোনালদোকে মূল একাদশে রাখেননি। এর বাইরে জাতীয় দলে সর্বশেষ ২০০৮ সালে এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ এই গোলদাতা। এরপর সর্বশেষ একই ঘটনা ঘটল নরওয়ের বিপক্ষে পর্তুগালের সর্বশেষ ম্যাচে। যদিও এখানেই নিজেদের অন্যতম প্রধান তারকার শেষ দেখছেন না জেসুস।
নরওয়ে ম্যাচের কয়েক ঘণ্টা পরই নতুন করে আলোচনায় এসেছেন রোনালদো। অনুশীলনে জিমের ব্যায়ামে অংশ নিতে অস্বীকৃতি জানিয়ে মাঝপথে অনুশীলন ছেড়ে দলের হোটেলে ফিরে যান ৪১ বছর বয়সী এই তারকা। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’র প্রতিবেদনে বলা হয়েছে, ডেনমার্কের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে সুইডেনে প্রস্তুতি শুরু করেছে পর্তুগাল। সেখানে দলের অনুশীলনে ছিলেন না জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো কনসেইসাও ও রোনালদো। কনসেইসাও কিছুটা অস্বস্তি নিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন।
এর আগে সুইডেনের মালমো ক্লাবের অনুশীলনকেন্দ্রে দলের সঙ্গে গিয়েছেন রোনালদো। তবে কোচ জেসুসের সঙ্গে কথা বলার পর ফেলিক্সের সঙ্গে জিমের অনুশীলনে যোগ দেননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। সতীর্থরা মাঠে অনুশীলন চালিয়ে যাওয়ার সময় তিনি হোটেলে ফিরে যান। পরে নিজের জিমে আলাদাভাবে নির্দিষ্ট কিছু অনুশীলন করেন।
নরওয়ের বিপক্ষে পর্তুগালের জয়ের একদিন পরই এই ঘটনা ঘটল। ওই ম্যাচে রোনালদো পুরো সময় বেঞ্চে ছিলেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাকে নামানোর সিদ্ধান্ত নিয়ে কোচ জেসুস বলেন, ‘আমি ক্রিশ্চিয়ানোকে নামানোর কথা ভাবছিলাম। কিন্তু এরপর ম্যাচের পরিস্থিতি অন্য কিছু দাবি করেছে।’ একইসঙ্গে রোনালদোর কোনো শারীরিক সমস্যা ছিল না বলেও পরিষ্কার করেছেন তিনি, ‘আমি যতক্ষণ চেয়েছি, সে খেলার জন্য ফিট ছিল।’ অর্থাৎ নরওয়ের বিপক্ষে তার বেঞ্চে থাকার কারণ ছিল পুরোপুরি কৌশলগত।
নরওয়ের বিপক্ষে না খেললেও রোনালদোকে নিজের পরিকল্পনার অংশ বলে জানিয়েছেন কোচ জেসুস, ‘এর মানে এই নয় যে সে পরিকল্পনার বাইরে চলে গেছে, বরং উল্টোটা। সম্ভবত সে ডেনমার্কের বিপক্ষে খেলবে।’ ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের পরবর্তী ম্যাচ ১ অক্টোবর, বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এনএম

