‎‘গ্রেপ্তার চারজনের জবানবন্দিতে একই রকম তথ্য’

আজমুল হত্যা মামলায় খুবি’র সাবেক শিক্ষার্থী আসিফের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক ও খুবি প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোঃ আজমুল হোসেন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে খুবি’র সাবেক শিক্ষার্থী শেখ আসিফ হোসেন।

বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ইব্রাহিম খলিল মুহিম জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে এ হত্যা মামলার অপর তিন আসামিকে এসআরবি ও পুলিশ খুলনা এবং বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওই তিনজনও অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করে।
‎
‎আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানকারী আসামিরা হলেন- খুবি’র ১৮তম ব্যাচের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী শেখ আসিফ হাসান, ১৬তম ব্যাচের এফএমআরটি ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী হাসানাত হাবিব রিফাত ও এ্যাগ্রেটেকনোলজী ডিসিপ্লিনের ১৭তম ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং ৪৬তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রতাপ সরকার ও খুবি’র খানজাহান আলী গেটের সামনে জুস বিক্রেতা তারেক হাসান রুবেল।
‎
‎মামলার তদন্ত কর্মকর্তা হরিণটানা থানার এসআই নাজমুল হক বলেন, পুলিশের কাছে হত্যাকাণ্ডে নিজের দায় স্বীকার করে আসিফ। জবানবন্দি দিতে চাইলে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে উপস্থিত করা হয়। দুপুর তিনটার দিকে বিচারকের খাস কামরার ভেতরে প্রবেশ করে সে। সন্ধ্যা ৬টার দিকে সেখান থেকে বের করা হয় তাকে। এরপর পুলিশ পাহারায় আদালত থেকে কারাগারে নেওয়া হয়।
‎
‎তিনি আরও বলেন, গত মঙ্গলবার এ হত্যা মামলার আসামি হাসানাত হাবিব রিফাত, পর দিন তারেক হাসান রুবেল ও প্রতাপ সরকার আদালতে জবানবন্দি দেয়। গ্রেপ্তার চারজনই জবানবন্দিতে একই রকমের কথা বলেছে। মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পারলে হত্যাকাণ্ডের আসল রহস্য বের হয়ে আসবে।
‎
‎উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর গভীর রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোড-সংলগ্ন ইসলামনগর সড়কের একটি চারতলা ভবনের ছাদে ভাত চুরির অভিযোগে আজমুলকে মারধর করা হয়। পরে তিনি ভবন থেকে পড়ে মারা যান। স্বজনদের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
‎
‎এ ঘটনায় গত শনিবার রাতে নিহতের বাবা কুতুবউদ্দিন বাদী হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ ২০ থেকে ২৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে হরিণটানা থানায় হত্যা মামলা করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন