খুলনার চাঞ্চল্যকর নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পৃথক অভিযানে খুলনা ও বরিশাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—হরিণটানা থানার খানজাহান নগর এলাকার লাল মিয়ার ছেলে তারেক হাসান ওরফে রুবেল (৩৫) এবং অভয়নগর উপজেলার ধূলগ্রাম সিদ্দিপাশা গ্রামের শিবপদ সরকারের ছেলে প্রতাপ সরকার।
এসআরবির গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের খাজা হল গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে আটক করে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হরিণটানা থানায় হস্তান্তর করা হয়।
অপরদিকে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি প্রতাপ সরকারের অবস্থান নিশ্চিত করে ডিবি পুলিশের একটি দল। পরে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল জেলার উজিরপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সুনির্দিষ্ট তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য প্রতাপকে নিয়ে খুলনার উদ্দেশে রওনা হয়েছে ডিবি পুলিশের দলটি।

