কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে ৬ তলা হেঁটে উঠলেন প্রধানমন্ত্রী

গেজেট প্রতিবেদন

কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে লিফটের বদলে সিঁড়ি দিয়ে ছয় তলায় উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় তিনি সচিবালয়ের মধ্যে অবস্থিত কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে যান। সেখানে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তর থেকে বেরিয়ে ৪নং ভবনে হেঁটে যান এবং সেখানে সিঁড়ি দিয়ে হেটে ছয় তলায় ওঠেন। লিফট প্রস্তুত থাকলেও তিনি সিঁড়ি দিয়ে ওঠেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষিমন্ত্রী আমির উর রশীদ ছিলেন।

উপ প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী সিঁড়ি দিয়ে হেঁটে যাওয়ার বিষয়টা অনুকরণীয় দৃষ্টান্ত। দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী নির্দেশনাও দিয়েছেন মন্ত্রণালয়গুলোকে বিদ্যুৎ সাশ্রয়ী হতে। এসিতে বেশি বিদ্যুৎ খরচ হয় সেখানে ২৫ এর মধ্যে রাখার কথা বলেছেন। জানালার খুলে দিনের আলো ব্যবহার করতে বলেছেন।

একইভাবে দেখা গেছে, প্রধানমন্ত্রী সচিবালয় থেকে হেটে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেছেন। এ থেকে বোঝা যায়, প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের সাশ্রয়ী হতে বার্তা দিচ্ছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন