দৈনিক খুলনা গেজেট-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সংবাদপত্র একটি জনপদের সময়, সমাজ ও মানুষের জীবনচিত্র তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই দায়িত্ববোধ থেকেই খুলনার মাটি ও মানুষের সংবাদকে প্রাধান্য দিয়ে খুলনা গেজেট যে পথচলা শুরু করেছে, তা ইতোমধ্যে পাঠকের মাঝে একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছে। অনলাইন সংবাদমাধ্যমে পাঠকের আস্থা অর্জনের পর দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ এবং অল্প সময়ের মধ্যে পাঠকপ্রিয়তা লাভ নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য অর্জন।
প্রবীণ সাংবাদিকদের অভিজ্ঞতা এবং নবীন সাংবাদিকদের উদ্যম চিন্তার সমন্বয়ে খুলনা গেজেট সংবাদ পরিবেশনে যে বৈচিত্র্য ও নতুনত্বের প্রয়াস দেখিয়ে আসছে, তা আশাব্যঞ্জক। বিশেষ করে স্থানীয় সংবাদকে গুরুত্ব দিয়ে খুলনার শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, ক্রীড়া, জনজীবন ও উন্নয়নের বিভিন্ন দিক পাঠকের সামনে তুলে ধরার মাধ্যমে পত্রিকাটি বৃহত্তর খুলনা অঞ্চলের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
আমি মনে করি, গণমাধ্যমের প্রকৃত শক্তি নিহিত থাকে মানুষের আস্থা অর্জনের মধ্যে। আর সেই আস্থা ধরে রাখতে প্রয়োজন সত্যনিষ্ঠতা, বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব। খুলনা গেজেট ভবিষ্যতেও এসব মূল্যবোধকে ধারণ করে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করবে এবং সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশা।
প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিক খুলনা গেজেট-এর সাফল্য ও সমৃদ্ধির ধারাবাহিকতা কামনা করেছেন খুবি উপ-উপাচার্য।
খুলনা গেজেট/এনএম

