মোংলায় সরকারি হাসপাতালে ঝটিকা পরিদর্শন পরিবেশ প্রতিমন্ত্রীর

মোংলা প্রতিনিধি

মোংলায় সরকারি হাসপাতালে ঝটিকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বুধবার বেলা ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষসহ কাউকে কিছু না জানিয়েই তিনি বৃক্ষরোপণ কর্মসূচির ফাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হন। এ সময় তিনি হাসপাতালের রোগীদের খোঁজ খবর নেন এবং চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, হঠাৎ করে এসেই দেখেছি সকলেই সবার নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।

কোন রোগীর যেন কোন অভিযোগ না থাকে, সবাই যেন যথাযথ সেবা পান, হাসপাতালের সকলকে সেই নির্দেশনা দেন তিনি। এছাড়া ইমারজেন্সি রুম আরো পরিস্কার পরিচ্ছন্ন রাখার তাগিদ দেন তিনি। প্রতিমন্ত্রীর উপস্থিতির খবর পেয়ে সেখানে দ্রুত হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও।

এর আগে মোংলা সরকারি কলেজ চত্বরে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কলেজ কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ প্রতিমন্ত্রী। গাছের চারা রোপণের পর নিজে দোয়া-মোনাজাত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ কে এম রব্বানী, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ অন্যান্যরা।

এরপর পরিবেশ প্রতিমন্ত্রী পৌর পানি সরবরাহ প্রকল্পের পুকুর পাড়ে বৃক্ষরোপণ করেন। এছাড়া সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজ, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় ও সেন্ট পলস উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন