দৈনিক খুলনা গেজেট-এর বর্ষপূর্তি উপলক্ষ্যে পত্রিকাটির সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও পাঠকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একটি অনলাইন সংবাদমাধ্যম হিসেবে যাত্রা শুরু করে পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জনের মধ্য দিয়ে দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করেছে খুলনা গেজেট। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই খুলনার একঝাঁক প্রবীণ ও নবীন সাংবাদিকের সম্মিলিত প্রয়াসে পত্রিকাটি যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে গতানুগতিক সংবাদ পরিবেশনার বাইরে গিয়ে খুলনা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কথা, স্থানীয় সমস্যা-সম্ভাবনা, উন্নয়ন ও জনজীবনের নানা দিককে প্রাধান্য দিয়ে সংবাদ প্রকাশের উদ্যোগ পত্রিকাটিকে পাঠকের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।
গণতান্ত্রিক সমাজে গণমাধ্যমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরা, সমাজের অসংগতি ও সম্ভাবনাকে সবার সামনে আনা এবং মানুষের প্রত্যাশা ও মতামতের প্রতিফলন ঘটানো গণমাধ্যমের অন্যতম প্রধান দায়িত্ব। সেই দায়িত্ববোধকে ধারণ করে খুলনা গেজেট আরও দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখবে বলে আমি প্রত্যাশা করি।
প্রতিষ্ঠার এক বছরেই পাঠকের কাছে যে গ্রহণযোগ্যতা ও আস্থা দৈনিক খুলনা গেজেট অর্জন করেছে, তা ভবিষ্যতের পথচলায় আরও শক্তি ও প্রেরণা জোগাবে। আমি বিশ্বাস করি, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি খুলনার গণমাধ্যম অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বৃহত্তর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কণ্ঠস্বর হিসেবে নিজেকে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিক খুলনা গেজেট-এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন খুবি উপাচার্য।
খুলনা গেজেট/এনএম

