খুলনা গেজেটের ৩৬৫ দিন

মোঃ আনিস উদ্দিন

নিরপেক্ষ, আপেষহীন, উদ্যম আর সত্য কথা বলতে পারাটাই ছিল খুলনা গেজেট পত্রিকার গত ৩৬৫ দিনের সংগ্রাম। যেখানে উঠে এসেছে চব্বিশের ফ্যাসিবাদী আচরণের কথা, সমালোচনায় এসেছে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতৃত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে শুরু করে অদম্য কিছু মানুষের অসাধ্য সাধনের সংবাদ। এই ৩৬৫ দিনে বাংলাদেশের কিছু নক্ষত্রের চলে যাওয়া কাঁদিয়েছে দেশবাসীকে, যা লেখনীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে খুলনা গেজেটে।

খুলনা গেজেট যাত্রার প্রথম দিনেই দেশের কাঁচা পাটের ১৭ দেশের বাজার হারানো তথ্য তুলে দিয়েছিলো পাঠকদের কাছে। এখানে সংবাদ পরিবেশন করা হয়েছিল ‘আয়েশে দিন কাটাচ্ছেন শেখ বাড়ির লাঠিয়ালরা’ শিরোনামে ফ্যাসিস্টদের নির্মমতার চিত্র। রাজনৈতিক দলের অগোছালো সংসারে হাড়ির খবর তুলে ধরা হয় পাঠকের জন্য।

খুলনা জেলা কারাগারের করুণ চিত্র, রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, খুলনা পাউবোর অনিয়ম, খুলনার প্রবেশদ্বারগুলোর বেহাল দশা, গ্রামীণ জনপদে মানুষের ভোগান্তি, ভোটের হাওয়া ও ভোট সমাচার, বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনের সংবাদ, বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের মিছিল, সীমান্ত এলাকায় বিএসএফ-এর হত্যাকাণ্ড, সাগরে দস্যুতা ও জেলে অপহরণ, সুন্দরবন নিয়ে তথ্যভিত্তিক সংবাদ, স্বাস্থ্য খাতে বিভিন্ন অনিয়ম ও রোগীদের সেবা প্রাপ্তিতে বঞ্চনা, নগরীতে অনিয়ন্ত্রিত যানবাহনের বিড়ম্বনা, খেলার খবর, অবৈধ স্থাপনা উচ্ছেদেন খবর, স্বৈরাচারী শেখ হাসিনার ফোনালাপ, জুলাইয়ে স্বৈরাচারীদের নির্মমতা ও ট্রাইব্যুনালে তাদের বিচার, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ, ইরান যুদ্ধ, পাহাড়ে সহিংসতা, খুনের আসামিদের প্রকাশ্যে ঘুরে বেড়ানোর তথ্য, খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, বারাকপুরের আজিবর আতঙ্ক, রাজপথে সহযোগীদের নিয়ে তারেক রহমানের রাষ্ট্র পুনর্গঠনের প্রত্যয়, কেডিএ’র প্লট দুর্নীতি, দক্ষিণাঞ্চলের বাঁধ ভেঙে অসহায় মানুষদের বোবা কান্না, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, একের পর এক লোমহর্ষক অপরাধের বিচার, বহিষ্কৃত ও বিতর্কিতরা বিএনপি’র সভাপতির প্রচারে শীর্ষক সংবাদ, মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, লোডশেডিংয়ে নাকাল মানুষের তথ্য, বাজার-দর, সাধারণ মানুষের সুখ, দুঃখ, ভালবাসার মিলনক্ষেত্র হিসেবে বিগত দিনে পথ পাড়ি দিয়েছে খুলনা গেজেট। এই পত্রিকার লেখনি কখনো মানুষকে হাসিয়েছে, আবার কখনো কাঁদিয়েছে।

খুলনা গেজেটে প্রকাশিত সবচেয়ে বেদনাদায়ক দুটি সংবাদ পাঠকদের কাঁদিয়েছে। যার একটি ছিল গণতন্ত্রের মা, তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রস্থান, আর অন্যটি ছিল ওসমান হাদির হত্যাকাণ্ড।

ওসমান হাদি হত্যাকাণ্ডে গোটা দেশ ছিল অগ্নিগর্ভ। প্রতিটি মানুষের একটাই চাওয়া ছিল হত্যাকারীকে আটক ও দ্রুত বিচার করা। পাঠকদের কাছে ওসমান হাদি হত্যাকাণ্ড পরবর্তী সময়ের প্রতিটি সংবাদ পৌঁছে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়েছে খুলনা গেজেট। সেদিন সবাই কেঁদেছিল। দেশবাসীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার সংবাদে। এসময় পাঠকের হাতে প্রতিটি মুহূর্তের খবর তুলে দিতে রাত দিন কাজ করে গেছে খুলনা গেজেট পরিবারের প্রতিটি সদস্য।

এটি ছিল বিগত ৩৬৫ দিনের খুলনা গেজেটের পথচলা ক্ষুদ্র কিছু তথ্য। আমাদের প্রত্যাশা, আগামীতে অনন্তকাল ধরে যতদিন খুলনা গেজেট প্রকাশিত হবে, প্রতিটি মুহূর্ত যেন গেজেট পরিবার এভাবেই নিষ্ঠার সাথে সত্যকে তুলে ধরে পাঠকদের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন