লেবাননে ইসরায়েলের হামলায় ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার (১৫ আগস্ট) সকালে চালানো এ হামলায় ১১ জন নিহত ও আরও ১৯ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, নিহতদের মধ্যে শিশু ও নারীও আছেন।

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর আগে জানিয়েছিল, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। তারা দাবি করে, আলি-আলি-আল তাহার নামে এলাকায় হিজবুল্লাহ তাদের সেনাদের লক্ষ্য করে প্রথমে হামলা চালিয়েছে। এর জবাবে তারা পাল্টা হামলা চালিয়েছে। তবে দখলদাররা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখায়নি।

হিজবুল্লাহ এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী নিরীহ সাধারণ মানুষের ওপর গণহত্যা চালিয়েছে।

বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, এই ঘৃণ্য অপরাধ শত্রুর বর্বরতার দীর্ঘ তালিকায় আরেক নতুন অধ্যায় যোগ করল—লেবাননের সাধারণ মানুষের রক্তে হাত রাঙানো, বাড়িঘরে বোমা হামলা, ফসলি জমি পুড়িয়ে ছারখার করা আর একেকটি গ্রাম গুঁড়িয়ে দেওয়ার মতো অসংখ্য গণহত্যার ইতিহাস তাদের বেশ পুরনো।

যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নির্বাচনের আগে তার জনপ্রিয়তা বৃদ্ধি এবং উগ্র ডানপন্থিদের খুশি করার জন্য এই গণহত্যার নির্দেশনা দিয়েছে বলেও জানিয়েছে হিজবুল্লাহ।

গত ফেব্রুয়ারিতে ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর এক সপ্তাহ পর ইরানের পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহ। এরপর থেকেই তাদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলছে।

সূত্র: সিএনএন

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন