যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ তল্লাশি চালিয়ে গুলিতে জড়িত সন্দেহভাজন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
মিশিগান পুলিশ বলেছে, গুরুতর আহত এক ভুক্তভোগী আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মিশিগান রাজ্য পুলিশ বলেছে, শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মিশিগানের মিসৌকি কাউন্টিতে গুলির খবর পায় পুলিশ। পরে টহল পুলিশের একটি দল মিসৌকি কাউন্টির একটি বাড়িতে যায়। সেখানে ঘটনাস্থল থেকে তিনজনকে মৃত এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
গোলাগুলির সঙ্গে জড়িত সন্দেহে ৩৯ বছর বয়সী চাদ হিকম্যান নামের এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। টহল পুলিশ দল পৌঁছানোর আগেই তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তাকে ধরতে চিরুনি অভিযান শুরু হয়। এই তল্লাশি চলাকালেই তদন্তকারীরা দ্বিতীয় আরেকটি বাড়ি থেকে আরও একজনের লাশ উদ্ধার করেন।
মিশিগান পুলিশ বলেছে, পরবর্তীতে হোয়াইটলক লেকের কাছে একটি বনাঞ্চলের পাশে হিকম্যানের গাড়িটি শনাক্ত করেছেন পুলিশের টহল দলের সদস্যরা। সেখানেই হিকম্যানের পাশাপাশি অন্য আরেকজনের লাশ পাওয়া যায়।
রাজ্য পুলিশের কর্মকর্তা লেফটেন্যান্ট অ্যাশলে মিলার বলেছেন, গুলির এই ঘটনা স্থানীয় বাসিন্দাদের জন্য অত্যন্ত হৃদয়বিদারক এবং তদন্তকারী কর্মকর্তাদের জন্যও বেশ কঠিন।
গুলিতে নিহতদের স্বজনদের বিষয়টি অবহিত করার প্রক্রিয়া চলায় তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীদের নাম, বয়স কিংবা পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
সূত্র: রয়টার্স
খুলনা গেজেট/এএজে

