স্বাধীনতা দিবসে জেন জি-কে শুভেচ্ছা, প্রতিপক্ষকে হুঁশিয়ারি বিজয়ের

আন্তর্জাতিক ডেস্ক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম স্বাধীনতা দিবসের ভাষণে জেন জি প্রজন্মকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া সি জে বিজয়। চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে জাতীয় পতাকা উত্তোলনের আগে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘ভানাক্কম (স্বাগতম) জেন জি।’

ভাষণের শুরুতেই বিজয় বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আমার সব তামিল স্বজন এবং জেন জি বন্ধুদের জানাই আমার ভানাক্কম (স্বাগতম)।’ এদিন বিজয়ের বাবা-মা এসএ চন্দ্রশেখর ও শোভা চন্দ্রশেখরের পাশাপাশি অভিনেত্রী তৃষা কৃষ্ণনও অনুষ্ঠানের সামনের সারিতে উপস্থিত ছিলেন।

স্বাধীনতা দিবসের ভাষণে কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রশাসনিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন বিজয়। তবে একই সঙ্গে স্পষ্ট করে জানান, তামিলনাড়ুর অধিকার ক্ষুণ্ন করে—এমন যেকোনো নীতির বিরোধিতা করবে তার সরকার।

বিজয় বলেন, দুর্নীতি দূর করাও এক ধরনের স্বাধীনতা। তার সরকারের লক্ষ্য দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করা। সরকারি রাজস্ব যাতে ব্যক্তিবিশেষের কাছে চলে যেতে না পারে, তা ঠেকানো হয়েছে। পাশাপাশি সরকারের সব বিভাগে দুর্নীতি নির্মূলে ধারাবাহিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

স্বচ্ছতা ও সুশাসনের ওপর জোর দিয়ে বিজয় বলেন, জনগণকে কেন্দ্র করে তার সরকার কাজ করছে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে ‘জিরো টলারেন্স’ তৈরি করাও সরকারের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

ভাষণে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তির নাম উল্লেখ না করে বিজয় বলেন, তার সরকারের বিরুদ্ধে যারা কাজ করছে, তাদের পরাজিত করা হবে। তার সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে সেটিও প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

তবে কেন্দ্রের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে তার সরকারের অবস্থান স্পষ্ট করে বিজয় বলেন, প্রশাসনিক বিষয়ে কেন্দ্রকে সহযোগিতা করা হবে। কিন্তু রাজ্যের অধিকারবিরোধী কোনো নীতি গ্রহণ করা হলে তার বিরোধিতা অব্যাহত থাকবে।

এ ছাড়া আগামী ১৫ সেপ্টেম্বর দ্রাবিড় আন্দোলনের অন্যতম নেতা সিএন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য পরিচালিত হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের জন্য ‘থাইমামান থাঙ্গা মোথিরাম থিট্টাম’ নামে স্বর্ণের আংটি উপহার প্রকল্প চালুর ঘোষণা দেন তিনি। এ প্রকল্পে ব্যয় হবে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি।

স্বাধীনতা দিবসের ভাষণে আরও বেশ কিছু আর্থিক সহায়তা বাড়ানোর ঘোষণা দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। প্রাক্তন সেনাসদস্যদের সর্বোচ্চ দুই মেয়ের বিয়ের জন্য দেওয়া আর্থিক সহায়তা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার রুপি করার ঘোষণা দেন তিনি।

এ ছাড়া প্রতিবন্ধী প্রাক্তন সেনাসদস্য ও তাদের পরিবারের মাসিক সহায়তা ৫ হাজার থেকে বাড়িয়ে ৭ হাজার রুপি করা হবে। স্বাধীনতা সংগ্রামীদের মাসিক পেনশনও বাড়ানোর ঘোষণা দেন বিজয়। তাদের পেনশন ২৩ হাজার রুপি এবং নির্ভরশীল পরিবারের সদস্যদের পারিবারিক পেনশন ১২ হাজার ৫০০ রুপি করা হবে বলে জানান তিনি।

ভাষণের শেষ দিকে তামিলনাড়ুর মানুষকে ধন্যবাদ জানিয়ে বিজয় বলেন, জাত ও ধর্মের বিভাজন এবং অর্থ ও পেশিশক্তির রাজনীতিকে প্রত্যাখ্যান করে জনগণ তার সরকারকে বিপুল সমর্থন দিয়েছে। সেই আস্থার মর্যাদা রেখে সামাজিক ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সরকার প্রতিষ্ঠায় তার সরকার কাজ করে যাবে।

সূত্র: এনডিটিভি

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন