বাগেরহাটের ফকিরহাট উপজেলার হোচলা গ্রামে দুই নারীর বসতঘরে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৯ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এতে নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, ল্যাপটপ, সেলাই মেশিনসহ সকল আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় দুই পরিবারের দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস, ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, রবিবার সকালে উপজেলার হোচলা গ্রামের মৃত সুভাষ মন্ডলের স্ত্রী শীলা মন্ডল ও কৃষ্ণপদ মন্ডলের স্ত্রী দোলা মন্ডলের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। দ্রুত স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে ওই দুই নারীর তিনটি ঘরসহ সকল মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুনের শেষ অংশবিশেষ নেভায়। বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটতে বলে স্থানীয়রা ধারণা করছেন।

ক্ষতিগ্রস্ত শীলা মন্ডল ও দোলা মন্ডল জানান, এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
ফকিরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টশন কর্মকর্তা মো. শাহাজাহান মিয়া বলেন, আগুনের খবরটি তারা দেরিতে পেয়েছেন। যে কারণে সঠিক সময় ঘটনাস্থলে উপস্থিত হতে পারেনি। আগুনে তিনটি ঘরের সব পুড়ে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খুলনা গেজেট/এনএম

