বাগেরহাটে ১১টি চোরাই গরুসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে ১১টি চোরাই গরুসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের আবু সাঈদ শেখের ছেলে ইমরান শেখ (৪০), রামপাল উপজেলার সোলাকড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত শুকুর শেখের ছেলে নাহিদ শেখ (২৭) ও খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের ধুনা মোল্লার ছেলে আরিফ মোল্লা (৩৮)।

পুলিশ জানায় বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শিউলি ফিলিং স্টেশন এলাকা থেকে চোর সিন্ডিকেটের দুই সদস্য ইমরান শেখ ও নাহিদ শেখকে আটক করে পুলিশ।

পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী খুলনার তেরখাদায় আরিফ মোল্লার বাড়ি থেকে বকনা বাছুরসহ ১১টি গরু উদ্ধার করা হয়। এসময় আরিফ মোল্লাকে গ্রেপ্তারসহ চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে পুলিশ। উদ্ধার গরুর আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ইমরান শেখের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৬টি মামলা, নাহিদ শেখের বিরুদ্ধে ৩টি মামলা ও আরিফ মোল্লার বিরুদ্ধে ২টি নিয়মিত মামলা রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, দক্ষিণাঞ্চলের গরু চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করা হয়েছে। সিন্ডিকেটের সদস্যরা বাগেরহাট জেলাসহ বিভিন্ন এলাকায় গরু চুরি করে নিয়ে বিক্রি করে আসছিল। এ সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আটকে অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন