ছুটির দিনে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে খুলনার বিভাগীয় বৃক্ষমেলা। গতকাল শুক্রবার বিকেল হতেই নগরীর সার্কিট হাউজ মাঠের মেলা প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করে প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থী। ফলে স্টলগুলোতে চারা বেচা-কেনাও বেড়েছে।
খুলনা জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের যৌথ আয়োজনে চলমান এই মেলায় মোট ৬২টি স্টলের মধ্যে ৫৭টি স্টলে সব ধরনের গাছ রয়েছে। এখানে বারান্দা ও ছাদবাগানের উপযোগী গাছ, কাঠের গাছ, ফলজ গাছ, ফুলের গাছসহ নানা ধরনের গাছ পাওয়া যাচ্ছে। এবার গাছপ্রেমীদের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে দেশি-বিদেশি বিভিন্ন বিরল ও নান্দনিক জাতের চারা। বিশেষ করে থাইল্যান্ডের রাজকীয় ফল ‘রুবি লংগান’ এবং জাপানের জাতীয় ফল ‘পার্সিমন’ দেখতে স্টলগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া ফলসহ এসব দেশি-বিদেশি গাছ দেখার পাশাপাশি অনেকেই শখের বশে ফ্রেমবন্দি করছেন সেলফিতে।
মেলা ঘুরে দেখা যায়, ছাদবাগানীদের কাছে ড্রাম বা টবে চাষ উপযোগী হরেক রকমের হাইব্রিড আম, সফেদা, মাল্টা, ড্রাগন, রুবি লংগান এবং পার্সিমনের চারার চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া ঘরের শোভা বাড়াতে ইনডোর প্ল্যান্ট ও বিভিন্ন রঙ-বেরঙের ফুলের চারাও দেদারসে বিক্রি হচ্ছে।
মেলায় আসা শরিফা আক্তার বলেন, মেলায় আসার পরিকল্পনা ছিল বেশ কয়েকদিন ধরেই। শুক্রবার ছুটির দিন হওয়ায় দুপুর থেকে মেলায় আসার প্রস্তুতি নিয়েছি। তবে বৃষ্টির কারণে বিকালের পর বাড়ি থেকে বেরিয়ে মেলায় সন্ধ্যার আগ মুহুর্তে এসেছি। মেলায় প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। আমি দুটি ফুলের গাছ কিনেছি। আরও দেখছি, কিছু ইনডোর প্ল্যান্ট কেনার পরিকল্পনা রয়েছে।
খুলনা নার্সারি মালিক সমিতির সভাপতি বদরুল আলম রয়েল বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম বৃক্ষমেলা হচ্ছে খুলনায়। এবারের মেলায় রেকর্ড সংখ্যক দেশি-বিদেশি চারা প্রদর্শন করা হচ্ছে, যা মেলা ও শহরের শোভা অনেক বাড়িয়ে দিয়েছে।
বনবিভাগের নিয়ন্ত্রণ কক্ষে থাকা মোঃ জাকির হোসেন জানান, সারাদিনই মেলায় বৃক্ষপ্রেমীরা আসছে-যাচ্ছে। তবে বিকাল গড়াতেই ভিড় বাড়তে শুরু করে। শুক্রবার ছুটির দিন হওয়ায় সন্ধ্যার আগেই মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। স্টলগুলোতে বেচা-কেনাও বেড়েছে।
তার দেওয়া তথ্যানুযায়ী, মেলার ষষ্ঠদিন বৃহস্পতিবার রাত পর্যন্ত মেলায় ফলজ, বনজ, ওষুধি, শোভা, ফুলসহ অন্যান্য ২ হাজার ১টি চারা বিক্রি হয়েছে, যার মূল্য ৩ লাখ ২ হাজার ৮০০ টাকা। এবারের মেলায় গত ছয়দিনে সবমিলিয়ে ১৩ লাখ ৪৭ হাজার ৮৭০ টাকা মূল্যের ৮ হাজার ৫৮৪টি চারা বিক্রি হয়েছে।
উল্লেখ্য, গত ১১ জুলাই শুরু হওয়া মাসব্যাপী এই বৃক্ষমেলা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে।
খুলনা গেজেট/এএজে

