ইরানে মার্কিন বাহিনীর অতর্কিত হামলা, ৭ সেনাসহ নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক

বিগত কয়েক দিন ধরে ইরানজুড়ে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। দেশটি ইরানের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

ইরান জানিয়েছে, এসব হামলায় তাদের অন্তত সাতজন সেনা নিহত হয়েছে। এ ছাড়া অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

বুধবার (১৫ জুলাই)কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বুধবার ইরানে সেনাবাহিনী জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বামপুরে একটি সামরিক ঘাঁটিতে রাতভর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে অন্তত সাতজন সেনা নিহত হয়েছে। ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি ইরান সরকারের শোক ও সমবেদনা জানিয়েছেন।

এ ছাড়া দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কেরমানপুর বলেছেন, সর্বশেষ মার্কিন হামলায় ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে ২২২ জন চিকিৎসা পেয়ে ছাড়া পেয়েছেন।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ে এসব অপরাধের চূড়ান্ত জবাব দেবে ইরান।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে নতুন করে হুমকি দিয়েছেন। তিনি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন যে, মার্কিন বাহিনী ইরানের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাবে। এসব স্থাপনার মধ্যে ইরানের ব্রিজ ও বিদ্যুতকেন্দ্রও রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন