নির্জনা হত্যাকাণ্ডের এক সপ্তাহ পার হলেও এখনও ঘাতক বাবা আকাশকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত সোমবার রাতে নগরীর বাগমারা এলাকার একটি মাদ্রাসার সামনে থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এদিকে খুনি বাবাকে গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়রা ক্ষোভে ফুঁসে উঠেছে।
সদর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পর নির্জনার মা সীমাকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ইতোমধ্যে সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে। এরপর থেকে পুলিশ হন্যে হয়ে ঘাতক বাবা আকাশকে গ্রেপ্তারের চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি র্যাব, পিবিআই ও মহানগর গোয়েন্দা পুলিশ একসাথে কাজ করছে।
এদিকে ঘাতক বাবা গ্রেপ্তার না হওয়ায় বসুপাড়া বাঁশতলা এলাকার সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে। তারা ঘাতক বাবা-মা’র ফাঁসি চায়। এরা যে কাজ করছে তারা যদি অনায়াসে ছাড়া পায় তাহলে অনেকেই তাদের মতো এরকমের কাজ করবে। তাদের দাবি নির্জনার মতো একটি মেয়ে হয়না। বাবা-মা দু’জনই মাদকাসক্ত। তাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য মেয়েটি দু’বার বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। তারা অনতিবিলম্বে বাবা আকাশকে গ্রেপ্তারের দাবি জানায়।
উল্লেখ্য, গত বুধবার রাতে শহরতলির নিরালা প্রান্তিকা আবাসিক এলাকা থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে নির্জনার পরিচয় নিশ্চিত করে তার মা। উপস্থিত সাংবাদিক ও পুলিশকে জানায় সে সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
খুলনা গেজেট/এনএম

