খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এক পথচারী বলেন, প্রতিদিন রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জলিলের দোকানের পাশে চেয়ার নিয়ে কয়েকজন সাংবাদিক কাজ শেষে এখানে আড্ডা দেন। আজও তারা এখানে বসে ৬ জন সাংবাদিক গল্প করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল যোগে আসা দু’জন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি একটি চেয়ারের পায়ে বিদ্ধ হয়।
এসএ টিভির সাংবাদিক মতি বলেন, রাতে আমরা কয়েকজন সাংবাদিক এখানে আড্ডা দিচ্ছিলাম। দু’জন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি চেয়ারে বিদ্ধ হয় এবং চেয়ারটি ক্ষতিগ্রস্ত হয়। পরপরই পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দ্রুত পুলিশ আসে।
দৈনিক খুলনাঞ্চলের সিনিয়র স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবির বলেন, দুর্বৃত্তের ছোড়া গুলিটি চেয়ারে বিদ্ধ হয়। এর একটি স্প্রিন্টার সাংবাদিক আওয়ালের বুকে লেগে কিছু অংশ ছিলে যায়। তিনি সুস্থ আছেন।
খুলনা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ফায়ারকৃত বুলেটের অংশ উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের খবর আমরা জানা নেই। কি কারণে এখানে গুলির ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
খুলনা গেজেট/এএজে

