নড়াইলে টিকটকে একটি কমেন্টকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা মধ্যপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিকটকে একটি কমেন্টকে কেন্দ্র করে রতডাঙ্গা মল্লিকপাড়ার মন্নু মোল্যার ছেলে আশরাফুল এবং উত্তরপাড়ার কবির ফকিরের ছেলে মিজানের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। প্রথমে বিষয়টি বাকবিতণ্ডায় গড়ালেও একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এর জেরে মল্লিকপাড়া ও উত্তরপাড়ার লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে উত্তেজনায় জড়িয়ে পড়ে। পরে শুক্রবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠায়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে

