পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি যথাযথ পরিচর্যা করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (৩ জুলাই) যশোর উপশহরে সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার্স অফিস যশোর এ কর্মসূচির আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাহলেই গাছ বেড়ে উঠবে ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। ১৯৯১ সালে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দেশে বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেন। এরপর থেকে প্রতিবছর এ কর্মসূচির পরিধি আরও বিস্তৃত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতাহারে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের অঙ্গীকার করেছেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। স্কুল-কলেজ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের বিভিন্ন স্তরে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে।
বক্তব্য শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজ হাতে একটি ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের জেনারেল ম্যানেজার ইকবাল কবির।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখার ডিজিএম মনিরুল ইসলাম, এজিএম মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের সভাপতি দবীর উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজীবসহ সোনালী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
খুলনা গেজেট/এএজে

