শনিবার । ২০শে জুন, ২০২৬ । ৬ই আষাঢ়, ১৪৩৩

বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনের কাকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল সদর উপজেলার মুশুড়ি গ্রামে এক বিয়ের আনন্দঘন মুহূর্ত মুহূর্তেই রূপ নেয় শোকের ছায়ায়। বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নকুল মল্লিক (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) রাতে মুশুড়ি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত নকুল মল্লিক মুশুড়ি গ্রামের সতীশ চন্দ্র মল্লিকের ছেলে ও কনের বড় কাকা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নকুল কুমার মল্লিকের ভাই মুকুন্দ মল্লিকের মেয়ে বর্ণা রানী মল্লিকের বিয়ের অনুষ্ঠান চলছিল। বরপক্ষের আগমনের পর গেটের সামনে আনন্দঘন পরিবেশে বরকে মিষ্টিমুখ করানোর প্রস্তুতি চলছিল। সেই মুহূর্তে নকুল মল্লিকসহ কয়েকজন সেখানে উপস্থিত হন।

হঠাৎ অসাবধানতাবশত গেটের পাশে থাকা বিদ্যুতের তারে স্পর্শ লাগলে নকুল মল্লিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। মুহূর্তেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লিপিকা রাণী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন