যশোরের বাঘারপাড়ার পল্লীতে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে প্রান্ত হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় হাসান নামে আরও এক যুবক আহত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ছোট খুদরা জামতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রান্ত হোসেন উপজেলার জহরপুর গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। আহত হাসান যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রান্ত হোসেন ও হাসান মোটরসাইকেলে করে ঘুরে বেড়াচ্ছিলেন। পথিমধ্যে ছোট খুদরা জামতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রান্ত হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত হাসানকে হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্রা মল্লিক বলেন, প্রান্তকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়। এছাড়া আহত হাসানের চিকিৎসা চলছে।
খুলনা গেজেট/এএজে

