বুধবার । ৩রা জুন, ২০২৬ । ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, তিনদিন পর ১৫ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর শূন্যরেখায় পুশইনের উদ্দেশ্যে জড়ো করা কথিত বাংলাদেশি নাগরিকদের তিনদিন পর সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৩ জুন) ভোররাতে ভারতীয় ভূখণ্ডের শূন্যরেখা এলাকা থেকে প্রায় ১৫ জনের ওই দলটিকে সরিয়ে নেওয়া হয়।

বিজিবির কঠোর অবস্থান ও প্রতিরোধের মুখে বিএসএফ তাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে বলে জানা গেছে। এর ফলে গত তিনদিন ধরে সীমান্তে বিরাজমান উত্তেজনা কিছুটা কমেছে।

সীমান্তের স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার গভীররাতে বেনাপোলের সাদিপুর সীমান্তের বিপরীতে ভারতের হরিদাসপুর এলাকায় তিনটি ট্রাকে করে নারী, পুরুষ ও শিশুসহ দেড় শতাধিক মানুষকে জড়ো করা হয়। পরে সীমান্তের সার্চলাইট নিভিয়ে তাদের মধ্যে থেকে প্রায় ১৫ জনকে জোরপূর্বক শূন্যরেখা ঠেলে দেয় বিএসএফ। এ সময় যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহলরত সদস্যরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির এই কঠোর অনমনীয় অবস্থানের কারণে ওই ব্যক্তিরা সীমান্তেই আটকা পড়েন এবং গত তিন দিন ধরে শূন্যরেখা এলাকায় অবস্থান করছিলেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভারতে অবৈধ অনুপ্রবেশকারী শনাক্তকরণ ও উচ্ছেদ কার্যক্রম জোরদার হওয়ার পর থেকে সীমান্তবর্তী এলাকাগুলোতে নতুন করে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে ভারতে জন্মগ্রহণকারী ও দীর্ঘদিন ধরে বসবাসরত অনেক মানুষের নাগরিকত্ব নিয়ে জটিলতা দেখা দেওয়ায় এর প্রভাব পড়েছে বাংলাদেশ-ভারত সীমান্তে।

স্থানীয়দের দাবি, পুশইনের উদ্দেশ্যে সীমান্তের ভারতীয় অংশে এখনো আরও শতাধিক মানুষকে রাখা হয়েছে। তবে বুধবার ভোররাতে সরিয়ে নেওয়া ওই ১৫ জনকে অন্য কোনো সীমান্ত পথে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হচ্ছে নাকি ভারতের অভ্যন্তরে অন্যত্র নেওয়া হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, সীমান্তে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। রোববার রাত থেকে টহল জোরদার করা হয়েছিল এবং পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। বর্তমানে সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন