পবিত্র নগরী মক্কা মুসলমানদের হৃদয়ের কেন্দ্রবিন্দু। এই নগরীর বুকেই অবস্থিত বিশ্ববিখ্যাত আবরাজ আল বাইত ক্লক টাওয়ার, যা সাধারণভাবে ‘মক্কার ঘড়ি’ নামে পরিচিত। এটি শুধু একটি সময় নির্দেশক যন্ত্র নয়; বরং এটি ইসলামের ঐতিহ্য, প্রযুক্তিগত অগ্রগতি এবং আধ্যাত্মিকতার এক অনন্য সমন্বয়। হারাম শরীফ থেকে মাত্র ৩০০ মিটার দূরে অবস্থিত ১৩০ তলা বিশিষ্ট এই টাওয়ারটি ৬০১ মিটার উঁচু, যার চারদিকে বিশাল আকারের ৪টি ঘড়ি রয়েছে। এর প্রতিটি ঘড়ির ডায়াল ৪৩ মিটার, যা লন্ডনের বিগবেনের চেয়ে প্রায় ৬ গুণ বড়। এটি রাতের বেলায় ১৭ কিলোমিটার এবং দিনে ১২ কিলোমিটার দূর থেকে সময় দেখা যায় এবং প্রতি নামাজের সময় আলো জ¦ালিয়ে সংকেত দেয়। ঘড়ির ওপরে আরবি হরফে ‘আল্লাহু আকবার’ লেখা রয়েছে, যা রাতে হাজারো এলইডি আলোর মাধ্যমে উজ্জ্বল হয়ে ওঠে।
মক্কা নগরী মুসলিম বিশ্বের হৃদয়। এই পবিত্র শহরেই অবস্থিত পবিত্র কাবা শরিফ, যেখানে প্রতিদিন লাখো মুসল্লি নামাজ আদায় করেন। রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। এই মাসে সূর্যোদয়ের পূর্বে সেহরি গ্রহণ এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা ফরজ। রমজান মাস এলে মক্কার রূপ হয়ে ওঠে আরও অনন্য, আরও আলোকোজ্জ্বল। সারা বিশ্বের মুসলমানদের হৃদয় তখন বিশেষভাবে ধাবিত হয় এই নগরীর দিকে। রমজানে মক্কায় লাখো মুসলমান ওমরাহ পালনের জন্য সমবেত হন।
রমজানের প্রতিটি দিনই মক্কায় বিশেষ তাৎপর্য বহন করে। দিনের বেলা রোজার সংযম আর রাতের তারাবীহ দীর্ঘ নামাজ সব মিলিয়ে পুরো শহর যেন ইবাদতের সাগরে ভাসে। সারাদিন রোজা রাখার পর সূর্যাস্তের মুহূর্তে ইফতারের জন্য অপেক্ষমাণ মুসল্লিদের চোখ থাকে আকাশের দিকে এবং ঘড়ির কাঁটার দিকে। ঘড়িতে যখন মাগরিবের সময় নির্দেশ করে, তখন লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে দোয়া ও কৃতজ্ঞতায় ইফতার করেন। খেজুর ও জমজমের পানি দিয়ে ইফতার করার দৃশ্য সত্যিই হৃদয়গ্রাহী।
তারাবির নামাজ, তাহাজ্জুদ এবং কুরআন তিলাওয়াতে রাতজাগা মানুষের ভিড়ে পুরো শহর মুখরিত থাকে। তখন আবরাজ আল বাইত ক্লক টাওয়ারের সবুজ ও সাদা আলো এক আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে। দূর থেকে মনে হয় যেন সময় নিজেই ইবাদতে মগ্ন। মক্কার ঘড়ি কেবল একটি স্থাপত্য নয়; এটি সময়, বিশ্বাস ও ঐক্যের প্রতীক। রমজানের পবিত্র মাসে এই ঘড়ি হয়ে ওঠে লাখো মানুষের ইবাদতের সহচর।
মক্কার ঘড়ি শুধু স্থাপত্যশৈলীর দিক থেকে নয়, প্রযুক্তিগত দিক থেকেও অত্যন্ত উন্নত। এতে রয়েছে আধুনিক সময় গণনার ব্যবস্থা, যা আন্তর্জাতিক মান অনুযায়ী নির্ভুল সময় প্রদান করে। রমজানের চাঁদ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চাঁদ দেখার মাধ্যমে রমজানের শুরু ও শেষ নির্ধারিত হয়। সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাঁদ দেখার ঘোষণা দিলে মক্কার ঘড়ি টাওয়ারের আলোর ঘোষণা বিশ্ববাসীকে সে খবর জানিয়ে দেয়। ফলে এটি কেবল একটি স্থানীয় স্থাপনা নয়, বরং বিশ্ব মুসলিমের সময় নির্দেশক প্রতীকও।

