শনিবার । ২৩শে মে, ২০২৬ । ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কালিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে জান্নাতুল (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বেলা ২টার দিকে উপজেলার মাগুরী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জান্নাতুল সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাগুরী গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মো. সাদিকুল ইসলামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, কালিগঞ্জের মাগুরী গ্রামের কাশেমপুর এলাকার আকবর আলীর পুকুরে অন্যান্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে জান্নাতুল। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে মাছ ধরার জাল দিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা জাল টানার পর জান্নাতুলকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুকুরের মালিক মো. আকবর আলী বলেন, হঠাৎ শিশুদের চিৎকার শুনে বাইরে এসে জানতে পারি জান্নাতুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে জাল টেনে তাকে উদ্ধার করা হয়।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন