বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে ঘুমন্ত স্ত্রী চাঁদনী আক্তার খাদিজা (২০) কে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী বিরুদ্ধে। এ ঘটনায় তার স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চাঁদনী আক্তার খাদিজা খুলনার ফুলতলা উপজেলার দামোদার মধ্যপাড়া এলাকার মো. সাকিব শেখের স্ত্রী। আটক সাকিব একই এলাকার মো. জাহিদ শেখের ছেলে।

পুলিশ জানায়, সোমবার স্বামীর সঙ্গে খুলনার ফুলতলা থেকে নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে খালা-শ্বাশুড়ির বাড়িতে বেড়াতে যান চাঁদনী। স্বামী সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। এরই জেরে মঙ্গলবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সাকিব। পরে আহত অবস্থায় চাঁদনীকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান জানান, গত রাত ১২:৪৫ মিনিটে নড়াইল সদর হাসপাতালে একজন মহিলার মরদেহ আসার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। নিহত গৃহবধূর নাম খাদিজা আক্তার চাঁদনী, যার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ​পরবর্তীতে পুলিশ সদর উপজেলার বাহিরগ্রামের ঘটনাস্থল পরিদর্শন করে এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের স্বামী সাকিবকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে সাকিব তার স্ত্রীকে হত্যা করেছে।

তিনি আরও বলেন,​ পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া (বটি), রক্তমাখা বেডশিট এবং একটি ভেজা কাঁথা জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন