মালয়েশিয়া প্রবাসী স্বামীর সাথে ভিডিও কলে কথা বলার পর স্ত্রী শারমিন সুলতানা (৩০) গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা নতুন বাজারের ওয়াহেদের মোড় এলাকার একটি বাড়ি থেকে পুলিশ ওই মহিলার দগ্ধ মরদেহ উদ্ধার করে।
আত্মহননকারী শারমিন সুলতানা সাতক্ষীরার কলারোয়া উপজেলার রায়টা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল হান্নানের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
কলারোয়া থানার ওসি এইচএম শাহীন জানান, শারমিন সুলতানা স্বামী আবদুল হান্নান মালয়েশিয়া প্রবাসী। শনিবার সন্ধ্যায় তার স্বামীর সাথে ভিডিও কলে এক ঘণ্টা ৩৭ মিনিট কথা বলে শারমিন সুলতানা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর সাথে ভিডিও কলে কথা বলার সময় উভয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ওই গৃহবধূ রান্নাঘরে গায়ে কেরোসিন ঢলে গায়ে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির রান্না ঘরে মহিলার দগ্ধ লাশ দেখতে পায়। সিআইডি ও ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহ করে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে। গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।

