বাগেরহাটের ফকিরহাটে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইক চালক মো. ইয়াছিন শেখ (৫৫) নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার পাগলা-শ্যামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন শেখ উপজেলার সাতশৈয়া গ্রামের শেখ আ. বারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় ইয়াছিন শেখ মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য পাগলা-শ্যামনগর আরা ফিলিং স্টেশনে প্রবেশ করছিলেন। এ সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। এদিকে, ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি জেনেছি। কীভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখচ্ছি।
এছাড়া, একই দিন বেলা ১১টায় পিলজংগ এলাকায় ক্রেনের গাড়ি উল্টে পড়ে ইসরাফিল শেখ (২৭) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। অপরদিকে, উপজেলা শ্যামবাগাত এলাকায় বাসের ধাক্কায় এক অজ্ঞাত বাইসাইকেল আরোহী আহত হয়েছেন। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

