বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

কেশবপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের কেশবপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ‘মব’ তৈরির মাধ্যমে পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় একজন এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই আসমত আলী (৫৪), কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫) ও কনস্টেবল হাবিবুল্লাহ (৩০)। এদের মধ্যে কনস্টেবল শহিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে তিনটি মামলার সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলমকে (৩৫) গ্রেপ্তার করতে হিজলডাঙ্গা গ্রামে অভিযানে যায় পুলিশ। তাকে আটকের পর রাত দেড়টার দিকে স্থানীয় একটি মসজিদের মাইকে পুলিশ আসামি মেরে ফেলেছে বলে মিথ্যা ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণায় মুহূর্তের মধ্যে ৫০-৬০ জন মানুষ জড়ো হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং জাহাঙ্গীরকে ছিনিয়ে নিয়ে যায়। তাদের মারপিটে একজন এসআইসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন।

আহত কনস্টেবল শহিদুল ইসলাম জানান, আটকের পর জাহাঙ্গীর নিজে তার মাথা দিয়ে পুলিশের বুকে সজোরে আঘাত করে। একই সময় জড়ো হওয়া লোকজন তাদের লাঠিসোটা দিয়ে মারপিট করে আসামি ছিনিয়ে নিয়ে যায়।

থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। তবে ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শার্শা সীমান্ত এলাকা থেকে পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন