সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কালিগঞ্জে অরক্ষিত বিদ্যুতের তার কেড়ে নিল ঘের মালিকের প্রাণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে মাছের ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ অলিউল ইসলাম (৩৫) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঘের শেখ মালিক অলিউল ইসলাম কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয় ডা. মুজিব-রুবি হাইস্কুলের সামনে অবস্থিত নিজের মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি দিচ্ছিলেন অলিউল। এসময় মোটরের একটি অরক্ষিত (কাভারবিহীন) বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে ঘেরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন