সাতক্ষীরায় বাসার সামনে বালু উড়া বন্ধ করতে পাইপ দিয়ে পানি দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাটিকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা এলাকায় অবস্থিত পাওয়ার গ্রিড সাবস্টেশনের কাছে এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম এনামুল কবির লাভু (৩৪)। তিনি খুলনার রুপসা এলাকার মকবুল হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা দীপঙ্কর বাছাড় জানান, সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা এলাকায় অবস্থিত ১৩২/৩৩ কেভি ক্ষমতা সম্পন্ন পাওয়ার গ্রিড সাব স্টেশনের একটি উন্নয়ন প্রকল্পে মাটির কাজ চলছিল। এনামুল কবির লাভু সর্দারের মাধ্যমে সেখানে আসেন মাটির কাজ করার জন্য। রাতে বাতাসে বালু উড়ে তাদের থাকার ঘরের মধ্যে ঢুকতে থাকলে তিনি পাইপ দিয়ে পানি ছিটিয়ে বালু উড়া বন্ধ করার চেষ্টা করছিলেন। এ সময় রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাহুল দেব জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে রাত দু’টোর দিকে তার মরদেহ গ্রামের বাড়ি রূপসায় নিয়ে যায়।
খুলনা গেজেট/এনএম

