শনিবার । ৭ই মার্চ, ২০২৬ । ২২শে ফাল্গুন, ১৪৩২

নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 

নড়াইলের লোহাগড়া উপজেলার বাকা গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সদস্য জিরু কাজী ও দুই নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে জিরু কাজী ও আক্তার মোল্যা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে- জিরু কাজী, লুৎফুন্নাহার, রেখা বেগম, সেলিম বিশ্বাস, হেমায়েত হোসেন, আনোয়ার, আক্তার মোল্যা, লিটন, ফিরোজ, শরিফুল, হাসান মোল্যা, কাদের ও মিরাজ মোল্যাসহ অন্তত ১৫ জন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে শুক্রবার বিকেলে আক্তার মোল্যার লোকজন মসজিদের ভেতরে গিয়ে জিরু কাজীর লোকজনকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। এর জের ধরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

এছাড়া বাকা গ্রামের সড়ক দিয়ে ভ্যান চালিয়ে যাওয়ার সময় আমাদা গ্রামের তবিবর মৃধাকে আক্তার মোল্যার লোকজন কোনো কারণ ছাড়াই মারধর করেছে বলে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন