বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনিতে গোয়াল ঘরে গরু দুধ আহরণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহ বধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামের এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম দীপিকা সানা (৩৫)। তিনি আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামের দেবাশীষ সানার স্ত্রী।

খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু জানান, প্রতিদিনের মতোই সকালে গরুর দুধ আহরণের জন্য গোয়ালঘরে ঢুকেছিলেন তিনি। অন্যদিকে, বাড়িতে চলছে মেয়ে বিয়ের প্রস্তুতি, গায়ে হলুদের আনুষ্ঠানিকতা। গোয়ালঘরে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

পারিবারিক সূত্র জানায়, দীপিকা-দেবাশীষ দম্পতির দ্বিতীয় সন্তান অর্পিতা সানার বিয়ে ঠিক হয়েছিল। বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। নিজের হাতে ঘরদোর গুছিয়েছিলেন দীপিকা, মেয়ের নতুন জীবনের স্বপ্নে বিভোর ছিলেন তিনি।

গ্রামের মানুষ জানায়, সংসারের প্রতিটি খুঁটিনাটি কাজ নিজ হাতে সামলে সন্তানদের মানুষ করার স্বপ্নই ছিল দীপিকার একমাত্র লক্ষ্য।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ খান জানান, তার মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন