বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

সড়কের কাজ শেষ না হতেই চলছে দখলের প্রতিযোগিতা

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরা-ভেটখালী সড়কের কাজ শেষ না হতেই রাস্তার জায়গায় মার্কেট তৈরির অভিযোগ উঠেছে। শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের এ করিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভেটখালী গ্রামের হিমাংশু যোদ্দার, চন্দ্রাংশু যোদ্দার, পরামাংশু যোদ্দার ও তপন যোদ্দার সড়ক ও জনপথ বিভাগের জায়গা পুনরায় দখল করে এই মার্কেট নির্মাণ শুরু করেছেন।

জানা গেছে, হিমাংশু গং বহু বছর ধরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন। সাতক্ষীরা-ভেটখালী সড়ক নির্মাণের কাজ শুরু হলে দুই পাশের সরকারি জায়গার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বর্তমানে সড়কের কাজ চলছে। কিন্তু সড়কের কাজ সমাপ্ত হওয়ার আগেই সড়ক ও জনপথ বিভাগের গাফিলতির কারণে পূর্বের ন্যায় জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের হিড়িক পড়েছে।

এ বিষয়ে হিমাংশু যোদ্দার বলেন, “আমরা যেটুকু কাজ করেছি, আর করব না। তবে বাস্তবতা তার উল্টো। প্রতিদিন চলছে দোকান ঘর নির্মাণের কাজ।”

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের খুলনা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ জাকির হোসেন বলেন, এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ বলেন, প্রতিদিন এমন ঘটনা ঘটছে। আমরা বিষয়টি দেখছি।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন, বিষয়টি আমি জানার পরে সড়ক ও জনপথ বিভাগকে অবগত করেছি। তারা উচ্ছেদের উদ্যোগ নিলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন