বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

কলারোয়ায় ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, ছবিসহ ৫২টি পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়ায় ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকার বিনিময়ে অর্ধ শতাধিক নারীর কাছ থেকে এনআইডি ও ছবি সংগ্রহের অভিযোগ উঠেছে। উপজেলার কেরালকাতা উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মিলন হোসেন (৪৫) এর কাছ থেকে ৫২ জন মহিলার ছবিসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে কয়েকজন মহিলার কাছ থেকে অভিযোগ পেয়ে তাদের উপস্থিতিতে অভিযুক্ত মিলনের বাড়ি থেকে মিলনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ৫২টি ছবিসহ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি উদ্ধার করেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

মহিলারা অভিযোগ করে বলেন, তাদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে ফ্যামিলি কার্ড করে দেবে বলে সম্প্রতি ছবি ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে মিলন।

কেরালকাতা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, ‘একাধিক মহিলার কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে মিলনের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ৫২টি ছবিসহ এনআইডি কার্ডের ফটোকপি বের করে দেয়। এসময় মিলন ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এগুলো নিয়েছে বলে স্বীকার করে। তিনি আরো জানান মিলন একজন প্রতারক চরিত্রের লোক। ইতিপূর্বে সে হত্যা, মাদকসহ বিভিন্ন মামলায় জেল খেটেছে।’

হেলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার মুনসুর জানান, ‘আমরা তাকে পুলিশে সোপর্দ করতে চাইলেও স্থানীয়দের অনুরোধে তার পরিবারের জিম্মায় রেখে আসা হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা জহুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।’

তিনি আরো জানান, ‘অভিযুক্ত মিলন সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচনে একটি দলের হয়ে কাজ করেছেন বলে জানতে পেরেছি। এনআইডি কার্ড উদ্ধারকালে কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল্লাহসহ অন্যান্য উপস্থিত ছিলেন।’

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন