বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

সাতক্ষীরায় গরু বহনকারী নসিমন উল্টে ব্যবসায়ী নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় গরু বহনকারী নসিমন উল্টে ইশারাত আলী (৬০) নামে এক গরু ব্যবসায়ী নিহত ও চালকসহ তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১০ টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা বালিগাদা ইটভাটার কাছে এই ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ী ইশারাত আলী সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের কোমরপুর এলাকার বাসিন্দা।

আহতরা হলেন-সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সাড়াগাছি গ্রামের নসিমন চালক মামুন, ফিংড়ি ইউনিয়নের গোবরদাড়ি গ্রামের গরু ব্যবসায়ী মতলেব ও আমিনুর। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মতলেব ও মামুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধুলিহর গ্রামের ইউনুস আলী জানান, গরু ব্যবসায়ী ইশারাত আলী, মতলেব ও আমিনুর একটি নছিমনে তিনটি গরু নিয়ে বিক্রি করার জন্য বৃহস্পতিবার সকালে ধুলিহর এলাকা থেকে খর্নিয়া বাজারে যাচ্ছিল। পথিমধ্যে বেলা সোয়া দশটার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা বালিগাদা ইটভাটার কাছে পৌঁছালে হঠাৎ করে নছিমনের একটি চাকা খুলে পড়ে গেলে নসিমনটি উল্টে রাস্তার নিচে পড়ে যায়। এতে গরু ব্যবসায়ী ইশারাত আলী ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত হয় মতলেব ও মামুন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত আমিনুরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তারা প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন