শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

দেবহাটায় বিএনপি নেতার কার্যালয়ে পুলিশ কর্মকর্তা, এএসআই প্রত্যাহার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় নির্বাচনী দায়িত্ব পালনকালে পেশাগত আচরণবিধি লঙ্ঘন করে এক রাজনৈতিক নেতার কার্যালয়ে ‘গোপন বৈঠক’ করার অভিযোগে এক পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত পুলিশ সদস্যের নাম আকিদুল ইসলাম। তিনি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে সাতক্ষীরা আদালতে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী মালামালসহ শিমুলিয়া কেন্দ্রে পৌঁছান এএসআই আকিদুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স। বিকেলে তিনি কেন্দ্র ত্যাগ করে গাজীরহাট বাজারে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজুর ব্যক্তিগত কার্যালয়ে যান।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কার্যালয়ের থাই গ্লাসের দরজা বন্ধ করে তিনি সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন এবং বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন।

নির্বাচনী ডিউটিতে থাকা অবস্থায় একজন পুলিশ সদস্যের রাজনৈতিক কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকের বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা বিষয়টি দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ক্লোজ করা হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “নির্বাচন চলাকালীন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই এএসআই আকিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তার পরিবর্তে অন্য একজনকে ওই কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে।”

দেবহাটার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মিলন সাহা বলেন, “বিষয়টি আমাদের নজরে আসার পরপরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক রয়েছে। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বিভাগীয় তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন