শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা এলাকার প্রধান সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে পিচ ঢালাই। অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এই খুঁটির কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
গাবুরা ও দ্বীপ ইউনিয়নের সংযোগকারী গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মোটরসাইকেল, ইজি-বাইক এবং মালবাহী ভ্যান চলাচল করে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বৈদ্যুতিক খুঁটি। দ্রুতগামী মোটরসাইকেল চালকদের জন্য এটি যেন একটি মরণফাঁদ। বিশেষ করে রাতে খুঁটিটি দূর থেকে দেখা না যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক প্রশস্তকরণ বা সংস্কারের সময় খুঁটিটি সরিয়ে নেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। এলাকার কয়েকজন মোটরসাইকেল চালক জানান “রাস্তাটি দিয়ে দ্রুত চলাচলের সময় হুট করে সামনে খুঁটি চলে আসে। অপরিচিত চালকদের জন্য এটি আরও বেশি বিপজ্জনক। একটু অসতর্ক হলেই বড় দুর্ঘটনা নিশ্চিত।”
রাতের বেলা পর্যাপ্ত আলোর অভাবে খুঁটিটি মরণফাঁদে পরিণত হয়। খুঁটির কারণে রাস্তার মাঝখানে জায়গা কমে যাওয়ায় বিপরীত দিক থেকে আসা যানবাহন পাশ কাটাতে হিমশিম খাচ্ছে। মোটরসাইকেল ও থ্রি-হুইলারগুলো প্রায়ই এই জায়গায় এসে জরুরি ব্রেক করতে বাধ্য হচ্ছে।
এলাকাবাসীর দাবি, বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে দ্রুত এই খুঁটিটি সড়কের মাঝখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে স্থানান্তর করা হোক।
খুলনা গেজেট/এনএম

