বৃহস্পতিবার । ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ । ২২শে মাঘ, ১৪৩২

যশোরে তারেক রহমানের জনসভাস্থলে লোকে লোকারণ্য, অপেক্ষায় লাখো জনতা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে প্রথমবারের মতো সরাসরি দলীয় নেতাকর্মীসহ জনতার সামনে উপস্থিত হতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপশহর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহাসিক এই জনসভাকে ঘিরে ইতিমধ্যেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। বক্তব্য দিচ্ছেন বিএনপির নেতৃবৃন্দ।

সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন এলাকা ও আশপাশের উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলের দিকে ছুটে আসছেন। উপশহর ডিগ্রি কলেজ মাঠ ছাড়িয়ে আশপাশের খোলা মাঠ, রাস্তা ও অলিগলিতেও মানুষের ঢল নেমেছে। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। এখন শুধু অপেক্ষা-কখন মঞ্চে উপস্থিত হবেন বিএনপি নেতা তারেক রহমান।

তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে যশোর জেলা শহরসহ আশপাশের সব উপজেলাতেই বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দলীয় নেতাকর্মীরা বলছেন, এটি হবে যশোরের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসভা। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতাকে সামনে থেকে দেখার সুযোগ পাওয়ায় সাধারণ সমর্থকদের মাঝেও দেখা দিয়েছে বাড়তি উচ্ছ্বাস।

রোববার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের এই সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজকের জনসভায় উপস্থিত হয়ে সাধারণ মানুষের উদ্দেশে আগামীর বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক রূপরেখা তুলে ধরবেন।

নেতারা আরও জানান, জনসভাকে সফল করতে ইতিমধ্যেই মঞ্চ প্রস্তুতি, স্বেচ্ছাসেবক নিয়োগ, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

পুলিশ সূত্র জানিয়েছে, সমাবেশস্থল ও আশপাশের এলাকায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা তদারকির জন্য শতাধিক পুলিশ সদস্য বডি ক্যামেরা ব্যবহার করছেন। পাশাপাশি র‌্যাবের ছয়টি বিশেষ টিমও মাঠে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। কড়া নজরদারি রাখা হচ্ছে পুরো এলাকায়।

সব মিলিয়ে যশোর এদিন সকাল থেকে রাজনৈতিক উৎসবের নগরীতে পরিণত হয়েছে। নেতাকর্মীদের প্রত্যাশা-তারেক রহমানের এই জনসভা দলকে নতুন করে উজ্জীবিত করবে এবং আগামী দিনের রাজনৈতিক পথচলায় দিকনির্দেশনা দেবে। এখন তাকে দেখার অপেক্ষায় রয়েছে জনগণ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন