বাঘারপাড়ায় সংঘর্ষ: এবার স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারীর মামলা, আসামি ২৫

যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনায় এবার মামলা করেছেন চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী দিলু পাটোয়ারী। এ মামলায় জামদিয়া ইউপি চেয়াম্যান কামরুল ইসলাম টুটুল ও পৌর কাউন্সিলর জুলফিকার আলী জুলাইসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী হচ্ছেন স্বতন্ত্রপ্রার্থী দিলু পাটোয়ারী। এর আগে, গত ১৮ নভেম্বর স্বতন্ত্রপ্রার্থী দিলু পাটোয়ারীসহ ১৭ জনের নামে মামলা করেছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথীর সমর্থক জাকির হোসেন।

এ মামলার অন্য আসামিরা হলেন, উপজেলার রামনগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে হান্নান, ইন্দ্রা গ্রামের খন্দকার শহিদুল্লাহর ছেলে সাজ্জাদ, জাফরের ছেলে জাকির, মৃত জহুরুল ইসলামের ছেলে শরিফুল, ফেরদৌস, রব ও জাকারিয়া, মুজিবর মোল্লাার ছেলে ইলিয়াস, জাফরের ছেলে তরিকুল, আব্দুল মজিদের ছেলে হানিফ, মালঞ্চী গ্রামের মকবুল কারিগরের ছেলে বাবর আলী, দোহাকুলা গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ভিটাবল্যা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে কামাল, সদুল্যাপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে মাহমুদ, ইন্দ্রা গ্রামের রহমান মোড়লের ছেলে মুকুল, মৃত মাহতাবের ছেলে জাহাঙ্গীর, আব্দুল্লাহ খন্দকারের ছেলে মিলন, সুলতান মোল্লার ছেলে মাসুদ, বাঘারপাড়া গ্রামের মৃত খন্দকার আব্দুল্লাহর ছেলে মেহেদী, মহিরণ গ্রামের মৃত মোনছের মোল্লার ছেলে কাছেদ, মৃত নাদের মোল্লার ছেলে কাছেদ (বড়), তোরাব মোল্লার ছেলে হিরু ও মোশারফ হোসেনের ছেলে শিমুল। এছাড়া অজ্ঞাত ১৪/১৫ জনকে আসামি করা হয়েছে।


মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১৭ নভেম্বর রাত সোয়া নয়টার দিকে স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারী নারিকেলবাড়িয়া থেকে ইন্দ্রা বাজারে যান। ওই সময় তিনি নিজের কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন। সেখানে নৌকা প্রতীকের সমর্থক তরিকুল ইসলামের সঙ্গে দিলু পাটোয়ারীর বিতর্ক হয়। একপর্যায়ে নৌকার সমর্থকরা দিলু পাটোয়ারীকে আটকে রাখার চেষ্টা করেন। তখন দিলুর সমর্থকরা তাকে রক্ষার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ১৫ জন আহত হন।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন বলেন, এ ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিলু পাটোয়ারী বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। একই ঘটনায় ১৮ নভেম্বর জাকির হোসেন নামে একজন দিলু পাটোয়ারীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। আমরা দুটি মামলার অভিযোগ নিয়ে তদন্ত করবো। এলাকার পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।


আগামী ১০ ডিসেম্বর বাঘারপাড়া উপজেলা চেযারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেলে পদটি শূন্য হয়। এই উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন নিহত উপজেলা চেয়ারম্যান কাজলের স্ত্রী ভিক্টোরিয়া পারভিন সাথী। আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নির্বাচনী লড়াইয়ে রয়েছেন বিএনপির প্রার্থী জামদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান।

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন